তুমি অদ্ভুত নীলিমার ফুল
লেখকঃ রোকসানা রহমান
কী অদ্ভুত আলো ‘জ্বেলেছো ঐ চোখে’
কী আশ্চর্য চুলে রেখেছো,
চৈতালি বাতাসের উৎসব।
অথচ নিষেধের আঁধারে ঢেকে রেখেছো শরীর।
বুনে দিবো আমি স্বচ্ছ জল সুতোয়
প্রবাল আর পান্নার শাড়ি।
খুলে দাও আজ হৃদয়ের সীমান্ত
ভালোবাসা যদি পাপ হতো,
এই পৃথিবীটা আঁধারে ঢেকে যেতো এসো,
আজ মধ্যরাতে প্রদীপের আলোয় স্নান করি…
সমুদ্রের গভীর থেকে তুলে আনি কিংশুক
আহত সূর্যের কাছ থেকে নিয়ে দেবো উজ্জ্বলতা।
তখন যদি পৃথিবী জুড়ে অগ্নিকাণ্ড ঘটে
তবুও আমি বিস্মিত হবো না
আমি অন্ধ নাবিক নোঙর ফেলেছি তোমার সীমান্তে,
তাই তুমি অদ্ভুত নীলিমার অনন্য এক ফুল।






