মাত্তাল স্বপ্নগুলো

মাত্তাল স্বপ্নগুলো রোকসানা-রহমান

মাত্তাল স্বপ্নগুলো

লেখকঃ রোকসানা রহমান

আজকাল একই স্বপ্ন আমাকে ঘুম ও জাগরণে আবিষ্ট করে রাখে
ঘুম ও জাগরণের দ্বৈরথে ঝুলে থাকে আমার অস্তিত্ব
আমি বিভ্রমের প্রান্ত ছুঁয়ে নেমে যাই অতলে
আমার চোখ ধাঁধিয়ে ওঠে মস্তিষ্ক ঝরায় বিদ্যুৎ ঝলক।

কখনো কখনো আমি দেখি
আমার হৃদয় থেকে উঠে আসা এক নিষাদ
বধ করে জীবনানন্দকালের শ্রেষ্ঠত্ব
আমি দেখি বেপরোয়া সেই নদীজল নেমে যায়
সময়ের খাড়িতে। আমার চোখে আগুনের উত্তাপ
যেন সে পুড়িয়ে ফেলতে চায় আমাকেই।

ঘুম ও জাগরণে আমি হাঁটছি দিগন্ত নুয়ে আছে ইশারায়
নৈঃশব্দ্যের শব্দগুলো ভেঙে ভেঙে আবার আকাশ-সূর্য
স্বপ্ন আমাকে দিন ও রজনীর প্রিয়তা থেকে হয়ে যায় স্নিগ্ধ স্বদেশ,

আমি তার বুকে মুখ রেখে ঘুমিয়ে পড়ি
নতুন স্বপ্ন দেশ জেগে উঠছে
সেখানে স্বপ্নগুলো মাতালের মতো
হাত ধরাধরি করে নাচছে মহুয়া বনে।